সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
সম্প্রতি বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির কমিটি বাতিল করে নতুনদের সম্মেলন প্রস্তুতির দায়িত্ব দেয়াকে কেন্দ্র করে বিশ্বনাথ জাপার নেতা সিতাব আলী গ্রুপ ও এসএম আরশ আলী গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলু গ্রুপের নেতাকর্মীরা সিলেট জেলা জাতীয় পার্টি কমিটিকে অভিনন্দন জানিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মিছিল বের করে। দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাসিয়া ব্রিজের সামনে আসা মাত্রই জাপা নেতা সিতাব আলী গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১৫ জন আহত হন।
সংঘর্ষে আহতরা হচ্ছেন- জাপা নেতা সিতাব আলী, সুহেল আহমদ, আবদুল হান্নান, মঞ্জুর আহমদ, শামিম, সোহাগ আহমদ, জালাল, ব্যবসায়ী মনোফর আলী, আজাদ আলী, নাঈম মিয়া, জুয়েল আহমদ, আবদুল কালাম প্রমুখ।
উপজেলা জাতীয় পার্টির সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতা আরশ আলী বাবলু বলেন, ‘জেলা জাতীয় পার্টি নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে মিছির বের করলে সিতাব আলীর নেতৃত্বে মিছিলে হামলা করা হয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সিতাব আলী জানান, তাদের ওপর আরশ আলীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে।
বিশ্বনাথ থানার এসআই মাসুদ আলম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
জেআই





