প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস’ নামের একটি সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার অনুষ্ঠিত মানববন্ধনে দলটির প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশে আবার নতুন করে হত্যার রাজনীতি ও ষড়যন্ত্র শুরু করেছে। এ জন্যই প্রধানমন্ত্রীর ছেলেকে হত্যা করার পরিকল্পনা করছে তারা।’
যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চক্রান্তের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে আছেন সাংবাদিক শফিক রেহমান। বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিকের বাসা থেকে জয় সম্পর্কিত ‘এফবিআইয়ের গোপন নথি’ উদ্ধারের দাবি করেছে পুলিশ।
‘বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে’ মন্তব্য করে শহিদুজ্জামান বলেন, এই স্বার্থানেষী দল দেশে রাজকারদের প্রতিষ্ঠা করেছে। তাদের গাড়িতে পতাকা উঠিয়েছে।
‘সেই কুচক্রি মহল আবার নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
মানববন্ধনে ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল বলেন, জয়ের কল্যাণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।
‘এই পরিকল্পনা এমন একজন লোক করেছে যিনি প্রবীণ সাংবাদিক ও বুদ্ধিজীবী। তাকে (শফিক রেহমান) ধিক্কার জানাই। ওনার সাথে এই ষড়যন্ত্রে যারা জড়িত তাদেরও আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা।’
মানববন্ধনে অন্যদের মধ্যে জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ডা. হালিমা বেলায়েত, মো. সাবের আহমেদ বক্তব্য দেন।
এমই





