কোরবানীর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান।

রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদের দিন দুপুর দুইটা থেকে কোরবানীর বর্জ্য অপসারণের কাজ শুরু করা হবে।পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই অপসারণ কাজ শেষ করা হবে।

ইব্রাহিম হোসেন বলেন, রাজধানীর পরিবেশ বজায় রাখতে করপোরেশনের নিজস্ব কর্মীর পাশাপাশি প্রায় সাত হাজার কর্মী কাজ করবে। এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ১২ জন করে অতিরিক্ত লোক কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করবে।

এছাড়াও সেনা বাহিনী, নৌ-বাহিনী ও ঢাকার পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ওয়াসা) ডিসিসিকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান ইব্রাহীম হোসেন।

বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অন্যান্যবারের তুলনায় এবার আমরা আরো বেশি যুগোপযোগি পদক্ষেপ নিয়েছি।

জাতীয় ঈদগাহে এবার ৮৩ হাজার পুরুষ ও ৫ হাজার নারীর নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

জেইউ/ এমআর