সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বেইলি সেতুর পাটাতন ভেঙে দুটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ শহরের সঙ্গে সব প্রকার যানবাহনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুটির চর এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
বিকল্প বাহন হিসেবে অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাভ্যান ও পায়ে হেঁটে চলাচলের পাশে সড়ক নির্মাণের কাজ চলছে। বেইলি সেতুটি মেরামত করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করতে আরও ১০ দিনের বেশি সময় লাগতে পারে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা থেকে ১০ চাকার পাথরবোঝাই দুটি ট্রাক গতকাল রাতে কামারখন্দের কুটির চর এলাকার একটি সেতুর ওপর ওঠার পর একটি স্প্যানের লোহার পাটাতন ও রেলিং ভেঙে ট্রাক দুটি খাদে পড়ে যায়। রাতেই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনার পর থেকে ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তবে উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জ জেলা শহরে যাতায়াতকারী সব যানবাহন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় হয়ে শহরে যাতায়াত করছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আশরাফ আলী বলেন, দুই স্প্যান বিশিষ্ট বেইলি সেতুটি ২০০ ফুট দীর্ঘ ও ২৪ ফুট চওড়া।
সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উভয় পাশে ১০ টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। গত রাতে দুটি ট্রাক প্রায় ৮০ টন পাথর নিয়ে সেতুর ওপর একসঙ্গে ওঠায় সেতুর একটি স্প্যান ভেঙে গেছে।
এআই





