মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের জন্য ‘কালো অধ্যায়’ আখ্যায়িত করে নীতিমালার কপিতে আগুন দিয়েছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে এই নীতিমালা না মানার ঘোষণা দিয়েছে সাংবাদিকদের দুটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকার সাংবাদিক ইউনিয়নের একাংশ এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়। অনুমোদিত এ নীতিমালার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণমাধ্যমের ‘স্বাধীনতার শত্রু’ হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে পাস হওয়া নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত যাতে তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাবে দেখা না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্লাবের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এই নীতিমালা প্রতিহত করতে না পারলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। তাই রক্ত দিয়ে হলেও তারা এই নীতিমালা প্রতিহত করবেন। সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তাই এটা কোনোভাবেই মানা হবে না।

সমাবেশ শেষে বিক্ষোভ করেন সাংবাদিক নেতারা। এরপর তাঁর নীতিমালার কপিতে আগুন দিয়ে তা না মানার ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ। বক্তারা জানান, এই নীতিমালা বাতিলের দাবিতে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে। পাশাপাশি গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা, সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময় সভা করা হবে। শেষে বৃহত্তর একটি সমাবেশ করা হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা। গতকালই এটি সংশোধনের দাবি উঠেছে। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) আগামীকাল বুধবার সম্প্রচার নীতিমালা পর্যালোচনার জন্য সভা ডেকেছে।

নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জাতীয় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও কবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ নেই। বরং বলা হয়েছে, কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। গণমাধ্যমসংশ্লিষ্টদের কাছে এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই