সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খাসগাঁও এলাকা থেকে সেলিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৎ ছেলে হাফিজুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে।

উপজেলার খাসগাঁও এলাকার দীঘির পাড় থেকে রবিবার রাত ২টার দিকে মাটি খুড়ে সেলিনার লাশ উদ্ধার করা হয়। নিহত সেলিনা বেগম আইনাকান্দি গ্রামের প্রবাসী তাজুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার আইনাকান্দি গ্রামের তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে দুবাই বসবাস করছেন। শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে হাফিজুল তার সৎ মা সেলিনা বেগমকে শ্বাসরোধে হত্যার পর পাশ্ববর্তী গ্রামের একটি দীঘিরপাড়ে মাটিচাপা দিয়ে পুঁতে রাখেন।

পরদিন প্রতিবেশীরা ও গ্রামের লোকজন সেলিনা বেগমকে দেখতে না পেয়ে পুলিশে খবর দেয়। রবিবার বিকেলে পুলিশ হাফিজুলকে আটক করে জিজ্ঞসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাটিচাপা অবস্থায় সেলিনা বেগমের লাশ উদ্ধার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই