দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘দেশে দুর্যোগ কবলিত ২৬টি জেলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। সেইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়া হবে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্যোগের সময় একটি মানুষও যেন না খেয়ে না থাকে সেদিকে সরকারের নজর রয়েছে। সরকার ত্রাণের বিষয়ে খুবই আন্তরিক। দুর্যোগ মুহূর্তে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল প্রমুখ।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহার সভাপতিত্বে সভায় পদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে বিমানযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল কক্সবাজারে পৌঁছান। পরে দুপুর ২টায় পেকুয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করেন মন্ত্রী।

জেআই