চীন গত ৭০ বছরে একটি গরিব দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের ইতিহাস ও উন্নয়ন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। চীন এখনো অনেক বাধার মুখে রয়েছে। কারণ অনেকে চায় না এ অঞ্চল বা এশিয়ার একটি দেশ বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হোক।

বুধবার চীনের বেইজিংয়ের লিজেনদালি হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের যুগপৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেক হাসিনা।

পাঁচ দিনের চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ের স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় নেতাদের বক্তৃতার পর প্রধানমন্ত্রীর তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, চীন ও ভারতের মত সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাচ্ছে। সরকার স্থিতিশীল আছে বলেই দেশে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, কারো সঙ্গে বৈরী সম্পর্ক না থাকায় বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ পাচ্ছে।

বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র সাড়ে তিন বছরে গড়ে তোলার মাধ্যমে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে এগিয়ে নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করে দিয়েছিল।

দেশের গত এক দশকের উন্নয়ন নিয়ে শেখ হাসিনা বলেন, এখন দেশের জিডিপির প্রবৃদ্ধি ৮.১০ শতাংশ এবং তাঁর সরকার ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস করেছে।

স্বাধীনতাবিরোধী শক্তির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং দেশকে অচল করে রেখেছিল তারা সরকারের কোনো ভালো জিনিস খুঁজে পায় না।

শেখ হাসিনা বলেন, দেশে এখনও একটি শ্রেণি রয়েছে, যারা অন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ তাদের পছন্দ না। কারণ তাদের উত্থান গণতান্ত্রিক পরিবেশে নয়, সামরিক বা জরুরি বা অবৈধ শাসনামলে। ‘তারা সর্বদা নিজেদের বিক্রির জন্য প্রস্তুত থাকে,’ বলেন তিনি। এই শ্রেণির জনগণ ২৯ বছর ক্ষমতায় ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা ২৯ বছরে যা করেনি আমরা ১০ বছরে তা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরের জন্য ২ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং দেশের উন্নয়ন বাজেটের ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয়। দেশের বাজেটে বিদেশি অনুদান মাত্র ০.৮ শতাংশ,’ যোগ করেন তিনি।

এএস