রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটে ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশের তিনতলা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এতে প্রায় দুই শতাধিক দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সোমবার রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে। এদের সঙ্গে নৌ বাহিনীর অগ্নি নির্বাপক দল যোগ দিয়েছে।
তবে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এদিকে মার্কেটের একাংশ ধসে পড়ায় সেখানে পানি প্রবেশ করছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়া আশপাশে পানির ব্যবস্থা না থাকায় পানির স্বল্পতায় আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মার্কেটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে আগুন যাতে ছড়িয়ে না পড়ে।
বিশেষ করে ডিসিসি মার্কেটের পাশের ভবন গুলশান শপিং কমপ্লেক্সে যাতে আগুন না ছড়ায় সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক।
অন্যদিকে আগুনের ঘটনায় গুলশান ও এর আশপাশের এলকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
দুর্ভোগে পড়েছেন এ সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রীরা। এছাড়া বাড্ডা, প্রগতিসরণিসহ বনানী-মহাখালী অংশেও যানজটের প্রভাব পড়েছে।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এমবি





