রাজধানীর অদূরে সাভারে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজন এনাম মেডিকেল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত খইমুদ্দিন (৪০) দুর্ঘটনাকবলিত অপর ট্রাকের চালক।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে সাভার থেকে গাছবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের সিংগাইর যাওয়ার জন্য রওনা দেয়। পরে ট্রাকটি ওই মহাসড়কের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাছবোঝাই ট্রাকের চালক খইমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন দুই ট্রাকে থাকা অন্তত পাঁচজন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাকচালক খইমুদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে উজ্জ্বল নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে।

এআই