সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল ঠেকাতে মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বিদ্রোহী নেতাকর্মীরা। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে কোর্টপয়েন্ট থেকে মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে আসার ঠিক আগে ছাত্রদলের বিদ্রোহী নেতাকর্মীরা অন্তত ৩০-৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে বিদ্রোহীরা পালিয়ে যায়।
জেলা ও মহানগর ছাত্রদলের মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট হয়ে আম্বরখানা গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ বলেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমানকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।’
‘হামলা করে ছাত্রদলকে ঠেকানো যাবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
জেআই





