হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেছেন, “যেখানে আমেরিকার মতো দেশ তাদের সুপ্রিম কোর্টের সামনে মহানবীর নামফলক রেখেছে সেখানে বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি থাকতে পারে না।”

আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাবুনগরী এই মন্তব্য করেন।

হেফাজতের মহাসচিব বলেন, “মূর্তিপূজক দেশে ভারত, আমাদের প্রতিবেশী দেশ। সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে কোনো মূর্তি নাই। ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি কেন বসানো হলো, প্রতিপক্ষ জবাব দিতে হবে।”

পার্শ্ববর্তী দেশ ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সামনেও এরকম কোন মূর্তি নেই জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন করা হলো কর্তৃপক্ষকে তার জবাব দিতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মে আঘাত আসে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ সহ্য করবে না।”

সংবাদ সম্মেলন হেফাজত নেতারা বলেন, ন্যায়বিচারের প্রতীক হিসেবে হাইকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এটি সংবিধানের পরিপন্থী ও ইসলাম ধর্মের বিরোধী। এ সময় তাঁরা এই দাবি পূরণ না হলে গণআন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তিটি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলনে বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি এ দাবিতে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

তাতেও দাবি আদায় না হলে দেশের সব জেলা শহর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মঈনুদ্দিন রুহি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল হক, উত্তর জেলার সাধারণ সম্পাদক মীর ইদ্রিস।

এমবি