চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকার একটি বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদউদ্দিন।
তিনি বলেন, বস্তিতে আগুন লেগেছে খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হতে না পারলেও গত সপ্তাহের মতো এবারও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণ আগুন লেগেছে বলে ধারণা করছি।
বস্তিতে ঢোকার পথ সরু থাকায় ফায়ার স্টেশনের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে বেগ পোহাতে হয়েছে। এজন্য আগুন নেভাতে ১ ঘণ্টা লেগেছে বলে জানান তিনি।
এতে হতাহত হয়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমানের বিষয়টি এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ স্থানীয় গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় আগুন বস্তি থেকে আরও ২টি ভবনে ছড়িয়ে পড়ে। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে গত ২৪ জানুয়ারি সকালে ওই বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই ঘটনায় বস্তির ১৬ বাসিন্দা আহত হন।
মির্জাপুল এলাকার ওই বস্তিতে ১০০ এর বেশি ঘর রয়েছে বলে জানা গেছে।
এমআর





