দিনাজপুর শহরের ৮ নম্বর উপশহরের রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মো. বাদশা (৫০) নামে এক চা দোকানদার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, উপশহরের রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মো. বাদশা নামে একজন নিহত হয়েছেন।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তার একটি চায়ের দোকান আছে। তবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সেটি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (দিমেক) মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর জিআরপি থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন পার হবার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তনগর ট্রেনে কাটা পড়ে বাদশা নিহত হয়েছেন।

কেএইচ