ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেছেন, দেশে হত্যাকাণ্ড ঘটছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এসব বিচ্ছিন্ন ঘটনা। তিনি এ পর্যন্ত কোনো হত্যাকারীকে শনাক্ত করতে পারেননি, বিচারের আওতায় নিয়ে আসা তো দূরের কথা।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে আপনি সকল দায়ভার মাথায় নিয়ে জাতীয় স্বার্থে আপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান।’
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক জিয়া রহমান, অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন এটা একধরনের বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি এখানে ব্যর্থ হয়েছেন। আপনি কাউকে আটক করতে পারেননি। আপনার উচিত হবে বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, প্রগতিশীল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্চায় চলে যাওয়া। নতুবা আমরা আপনার পদত্যাগ দাবি করব। আপনি এ দেশের মেহনতি মানুষকে ব্যর্থ করতে পারেন না। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যর্থ করতে পারেন না।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায়ের লোকজন যে ধরনের বক্তব্য রাখছেন, তাদের বক্তব্য পুরো জাতি প্রত্যাখ্যান করেছে। এদের বক্তব্যে পুরো জাতির মাথা লজ্জায় নত হয়ে যায়। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা প্রগতিশীল লোকদের নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’
অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনি বারবার বলেন যারা এ ধরনের কাজ করছে, তাদের আপনারা ধরে ফেলবেন। কিন্তু আপনি ধরতে পারছেন না। এই বাংলাদেশ কখনো পরাজিত হয় না, মুক্তিযুদ্ধের চেতনা কখনো পরাজিত হয়নি, এই অপরাজেয় বাংলা কখনো পরাজিত হয় না। কিন্তু যদি আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) পরাজিত বা ব্যর্থ হন তাহলে আপনার উচিত হবে পদত্যাগ করা।’
অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এমন ধরনের কথা বলছেন, তাতে হত্যাকারীদের আরো উৎসাহিত করা হচ্ছে। আবুল কাসেম ফজলুল হক স্যারের যে বক্তব্যটি নিয়ে আপনারা মন্তব্য করছেন, আমি বলব স্যারের দুটো বক্তব্য ছিল- একটি হচ্ছে, বিচার চাই না আর অন্যটি শুভবুদ্ধির উদয় হোক। স্যার বিচার চান না কিন্তু আমরা চাই। আর যত দিন না আমাদের সমাজের লোকদের শুভবুদ্ধির উদয় না হবে তত দিন পর্যন্ত এসমস্ত হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্ধ করা সম্ভব নয়।’
এমএইচ





