ওবায়দুল কাদের আর বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি এক নয়। ওবায়দুল কাদের কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ।
আর খালেদা জিয়া কারারুদ্ধ,খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তখন ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও খালেদা জিয়াকে না পাঠানোর ব্যাপারে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতার ভালো চিকিৎসা যদি দেশে না হতো, তাহলে আদালতের নির্দেশেই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদল প্রমুখ।
পরে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি।
এএস





