চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্সের দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছে। নগরীর সিটি গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে চালক-মালিকরা। রোববার সকাল সাড়ে নয়টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির শুরুতে কয়েকশ’ ব্যাটারি রিকশা চালক-মালিক কর্নেল হাট এলাকার কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। পরে তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে সিটি গেট এলাকার গোল্ডেন কন্টেইনার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তবে সড়ক অবরোধ ও মেয়রের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিএমপির আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ব্যাটারি রিক্সা চালক-মালিকদের মেয়রের বাসভবন ঘেরাও ও সিটি গেইট এলাকায় সড়ক অবরোধের ঘোষণায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এখনও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভির আরাফাত জানান, ঘটনাস্থলে ১০ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই