জাতীয় সংসদে সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বইটি বাজেয়াপ্ত করার দাবিকে নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কোন বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ করে তাকে বাজেয়াপ্ত করা উচিত নয়। বরং অন্য একটি বই লিখে তার প্রতিবাদ বা ঘৃণা প্রকাশ করতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী চত্ত্বরে  মহানগর বই উৎসব-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমির সহযোগিতায় ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’এ বই উৎসবের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, গতকাল সংসদে একটা দাবি উঠেছে, আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি। বই যত বাজেই হোক না কেন তা বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না।

তিনি বলেন, অন্যের বইয়ের প্রতি ঘৃণা ও ভিন্ন মত প্রকাশ করতে হলে তার বিপক্ষে আরেকটি বই প্রকাশ করতে হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক সামসুজ্জামান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, পাবলিক লাইব্রেরীর মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি উসমান গণি প্রমুখ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগ এনে বইটির লেখক সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের শাস্তির দাবি জানিয়েছেন এমপিরা। সরকার, বিরোধী দল ওস্বতন্ত্র এমপিদের পক্ষ থেকে সংসদে এ দাবি জানানো হয়। একই সঙ্গে তার লেখাবইটি বাজেয়াপ্তের দাবি জানান তারা।

ঢাকা, এমআর, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর