ভারতীয় জাল ভিসা ও পাসপোর্ট তৈরির অভিযোগে শফিকুল আলম বনি (২৩) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল ইসলাম জানান, গত ৩ আগস্ট ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করে যে, কিছু লোক ইন্ডিয়ান ভিসা সাপোর্ট নামে ফেসবুকে একটি ওয়েবপেজে নিজেদের ভারতীয় সরকারের প্রতিনিধি হিসেবে ব্যবসা করে আসছে। সেই ওয়েবপেজটিতে ভারতের জাতীয় চিহ্নও (অশোকস্তম্ভ) ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সাধারণ লোকদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডিকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়।

আশরাফুল ইসলাম আরো জানান, এ তথ্য জানার পর সিআইডির ক্রাইম বিভাগ এ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এরপর গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শফিকুল আলমকে গ্রেফতার করা হয়। বিষয়টি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। শফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনের তাগিদে শফিকুলকে রিমান্ডে নেওয়া হতে পারে।

এছাড়াওকৃষিবিদ মজিবুর রহমানের কাছ থেকে ফোনে চাঁদাবাজি করে টাকা নেওয়ার অপরাধে ওয়াহিদুল শেখ (৩০)নামের এক ব্যক্তিকে গত বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।

ইআর