ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) সন্ধ্যা ৭টায় ভোলা-চরফ্যাশন সড়কের পলিটেকনিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে নুরে আলম (৩২) নামে একজনের নাম জানা গেছে। তিনি ট্রাকের হেলপার এবং উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজীপুর গ্রামের কাঞ্চনের ছেলে।

অন্যদিকে অজ্ঞাতপরিচয় যুবকটি দুর্ঘটনা কবলিত নসিমনের চালক বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইটবাহী একটি ট্রাক চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাক এবং নসিমন দু’টিই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টির উদ্ধার কাজ চালছে।

এমআইএস