বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে বগুড়ায় যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেপ্তার জামায়াত কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।

এ সময় বিক্ষুদ্ধ গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ালশেল নিক্ষেপ করে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বগুড়ার শিবগঞ্জ থানার পাকুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী ইউনিয়নের চন্দ্রহাটা গ্রামের বাসিন্দা ও জামায়াত কর্মী আইয়ুব আলী ভড়িয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন।

২০ দলের টানা অবরোধে যানবাহন ভাঙচুরের ঘটনায় শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভূক্ত আসামি তিনি।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল আইয়ুব আলীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পাকুড়তলা বাজারে যায়। এ সময় তিনি পুলিশ দেখে দৌড়ে গ্রামের মধ্যে ঢুকে পড়েন। পুলিশও তার পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রামের ২-৩শ’লোক পুলিশের ওপর চড়াও হয়ে আইয়ুব আলীকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে পিছু হটে।

এর প্রতিবাদে ব্ক্ষিুব্ধ গ্রামবাসী বগুড়া-রংপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ মহাসড়ক থেকে লোকজন সরিয়ে দেয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী ১৫-২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।

তবে আইয়ুব আলীকে আটকের বিষয়টি অস্বীকার তিনি জানান, সেখানে পুলিশের সঙ্গে গ্রাবাসীর কোনো ঝামেলা হয়নি।

এসএইচ