রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনের পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে পাম্পের সামনে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ করছেন জ্বালানি তেলের অর্ধশতাধিক গ্রাহক। বিক্ষোভের মুখে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মেঘনা পেট্রোলিয়ামের ওই পেট্রল পাম্পটি।
সোমবার দুপুর ১২টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
মিজানুর রহমান নামের একজন মোটরসাইকেল চালকের ভাষ্য, আজ দুপুরে তিনি এই পাম্প থেকে মোটরসাইকেলে এক হাজার টাকার অকটেন নেন। তেল নেওয়ার পর মোটরসাইকেলের ট্যাঙ্ক ভর্তি না হওয়ায় তাঁর সন্দেহ হয়। এ সময় তিনি পাম্পের কর্মচারীদের বিএসটিআই-এর নির্ধারিত গ্যালনে করে পাঁচ লিটার জ্বালানি তেল ঢেলে দিতে বলেন। কিন্তু পেট্রলপাম্প কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করে। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল চালক তেল নিতে এলে, বিষয়টি শুনে একই অভিযোগ করলে পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
মিজানুর রহমান বলেন, ‘এই পাম্পে প্রতি পাঁচ লিটার জ্বালানি তেলে (পেট্রল ও অকটেন) এক লিটার করে কম দেওয়া হচ্ছে। এখন পাম্প কর্তৃপক্ষ ‘বিদ্যুৎ নেই, তেল নেই’ অজুহাতে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে।’ একই অভিযোগ করেন বিক্ষোভে অংশ নেওয়া তারকানাথ সাহা ও মোহাম্মদ আলী নামের দুজন মোটরসাইকেল চালক।
পাম্পটির ব্যবস্থাপক মাহবুব উন নূর বলেন, ‘তেলের স্তর নিচে নেমে গেছে। এ কারণে তেল দেওয়া বন্ধ করা হয়েছে। নতুন করে তেল আসার পর আবার বিক্রি শুরু হবে।’
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউনুস আলী বলেন, ‘ঘটনাস্থলে আমরা এসেছি। সার্বিক পরিস্থিতি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
এএইচ





