সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল জেলার অশ্বিনী কুমার হল চত্বরে বুধবার সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাসের জন্য গণভোটেরও দাবি জানান বক্তারা।

জেলা নগর কমিটির সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শামসুল আলম মিজান।

তিনি বলেন, ‌‘লতিফ সিদ্দিকী মহানবী সম্পর্কে যে কটূক্তি করেছেন, এতে তার ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি মুসলমানরা মেনে নিবেন না।

এ অবমাননাকর বক্তব্যের জন্য লতিফ সিদ্দিকীকে দেশে এনে ফাঁসির ব্যবস্থা কার্যকর করার দাবি জানান তিনি।

এসময় তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, ‘কেউ যেন আর ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য না দেন।’ এ জন্য মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য গণভোটের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের নগর কমিটির সহ-সভাপতি মাওলানা হজরত লুৎফর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের উপদেষ্টা ডা. মো. সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেআই