সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। এছাড়া মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে বৃহস্পতিবার বেলা ২টার দিকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর বারুতখানা পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজারের দিকে অগ্রসর হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি পুলিশ ভ্যান আসে। ভ্যান থেকে নেমে কোনো প্রকার উষ্কানী ছাড়াই পুলিশ সদস্যরা গুলি চালাতে শুরু করে।
এসময় পুলিশের গুলিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমসহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এদিকে মিছিলে ধাওয়া দিয়ে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এইউ তাহের ও সায়েফকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর উপযুক্ত জবাব দেবে সিলেটের ছাত্র-জনতা।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ বলেন, ‘নগরীর বারুতখানায় ঝটিকা মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। পুলিশ এসময় ১০ রাউন্ড গুলি ছুঁড়ে।’
মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জেআই





