শনিবার সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১৩ জন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জে বাস-ম্যাক্সি সংঘর্ষে পাঁচ, ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাসচাপায় তিন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় দুই, আশুলিয়ায় বাসচাপায় দুই ও ঢাকার পল্লবীতে দুই বাসের মাঝে চাপাপড়ে একজন নিহত হয়েছেন।
আমাদের জেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর :
হবিগঞ্জ : হবিগঞ্জে বাসের সঙ্গে ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার আমতলী এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সমছু মিয়া (৪৫), জেসমিন আক্তার (১৮), লাখাই উপজেলার বুল্লা গ্রামের ক্ষিতিশ দেব (৫৫), একই গ্রামের সুজিদ দাস (৫০), অপরজন চট্টগ্রামের মনির মিয়া।
আহতদের মধ্যে দুলন পাল (৩২), অর্জুন (৩০), আশুতোষ সেন রায়কে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আবুল বাশার (১৩), তাসলিমা (৩০), আহাদ মিয়া (৪০), আলাউদ্দিন (৩০), শাহজাহান (৩৫) ও বিল্লালকে (৩০) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, সকালে হবিগঞ্জ থেকে একটি বাস সিলেটের উদ্দেশে রওনা হয়। বাসটি আমতলী এলাকায় পৌঁছলে হবিগঞ্জগামী ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
ময়মনসিংহ : শহরতলির শম্ভুগঞ্জে বাসের চাপায় ঘটনাস্থলেই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রঘুরামপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র শাকিল (১৫), অটোরিকশার চালক শাহবাজপুরের হারুন (২৬) ও আবু ইসহাক আলী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি বাস ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ কার্পেট ফ্যাক্টরির মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ওই দুজন নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার বিজয়নগর উপজেলার চান্দুরায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মো. মজিবুর রহমান (৫০) ও চান্দুরার মো. রউফ মিয়া (৪০)।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহতা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুন নূর জানান, দুপুরে পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলইে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তবে চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
সাভার : আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনার দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে আশুলিয়ার নবীনগর ও টঙ্গাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশুলিয়ার ডেণ্ডাবর এলাকার মনমোহনের ছেলে ক্ষীতিশ চন্দ্র সরকার (৪০) ও টঙ্গাবাড়ীর আশরাফ হোসেনের ছেলে বাবু (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার ডেণ্ডাবরের বাসা থেকে শনিবার সকালে নবীনগরে যাচ্ছিলেন ক্ষীতিশ চন্দ্র সরকার। তিনি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের আশুলিয়ার টঙ্গাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস রিকশাকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রীর মধ্যে বাবু ঘটনাস্থলেই মারা যান। থবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঢাকা : সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পের বাসিন্দা ইয়াসিন আলী (৫৫)। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হন তিনি।
গত ১৪ জুন মিরপুর কালশীর কুর্মিটোলা বিহারি পল্লীতে হামলা ও অগ্নিসংযোগে ইয়াসিন আলীর পরিবারের ৯ জন আগুনে পুড়ে মারা যান। তার ছোট মেয়ে ফারজানা আক্তারও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়।
ইয়াসিন আলী বগুড়া সদর জেলার চকলোকমান এলাকাল ইসলাম হেসেনের ছেলে। মিরপুর ১২ নম্বরের কালশী রোডের কুর্মিটোলা বিহারি ক্যাম্পে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল আলী ফার্মিদী ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





