বাংলাদেশ বিমানবাহিনীর দু'নারী যুদ্ধবিমান পরিচালনার বিরল গৌরব অর্জন করেছেন। সাহসী এ দু'জন হচ্ছেন নাইমা হক ও তামান্না-ই লুতফী। তারাই দেশের প্রথম যুদ্ধবিমান পরিচালনার এ গৌরব অর্জন করেন। বুধবার প্রথমবারের মতো যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েন এই দুই নারী বিমান-সেনা।

এদের মধ্যে নাইমা হক ফ্লাইট লেফটেন্যান্ট এবং তামান্না-ই লুতফী ফ্লাইং অফিসার। খবর বিবিসি বাংলার।

তারা এর আগে বিমানবাহিনীতেই যুদ্ধ সংক্রান্ত নয় এমন কাজ করতেন। তবে কিছু দিন আগে বিমানবাহিনীতে প্রথম বারের মতো বৈমানিক-সেনা নিয়োগের পথ উন্মুক্ত হবার পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই সুযোগ নেওয়ার।

প্রশিক্ষণের পর যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ারবেস থেকে বিমান নিয়ে ওড়েন তারা। প্রশিক্ষণ শেষ হবার পর বুধবারই প্রথমবারের মতো একা একা যুদ্ধবিমান নিয়ে উড়েছেন তারা।

ফ্লাইং অফিসার তামান্না-ই লুতফী তার প্রতিক্রিয়ায় বলেন, যুদ্ধবিমান চালানো শেখার অনুপ্রেরণা তিনি পান তার বাবার কাছে, যিনি নিজেও বিমানবাহিনীর একজন অফিসার ছিলেন।

তিনি জানান, সাহসী কাজে সব সময় সমর্থন জুগিয়েছেন তার বাবা-মা। ছোটবেলা থেকেই বৈমানিক হওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু প্রথম দিকে নারীদের জন্য সেই সুযোগ ছিল না।

নাইমা হক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা শুধু বিমানবাহিনী নয়, বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জ সফল হয়েছে। নিজেদের ভাগ্যবান মনে করছি।’

এএইচ