পৌর নির্বাচন পেছানোর বিষয়ে আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

রোববার আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।

৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল ঘোষণার পর বিএনপি ভোট পেছানোর দাবি তোলে। তফসিল পুনর্বিন্যাসের দাবি জানায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিও।

বিএনপি নির্বাচন পেছানোসহ ১৫ দফা দাবি নিয়ে নির্বাচনে কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ চেয়ে কমিশনে সিইসির কাছে আবেদন করে। জাতীয় পার্টি মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন বাড়ানো ও সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দেওয়ার আবেদন করে।

তাদের সঙ্গে বৈঠকের পর কাজী রকিব সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতায় পার্টির প্রতিনিধিদল যে দাবিগুলো জানিয়েছে, তা নিয়ে সোমবার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার দাবির পরিপেক্ষিতে তিনি বলেন, ‘আমাদের আইনের বাধ্যবাদকতা আছে।

সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু করণীয়, তা আমরা করব। ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন। এখানে আমাদের কিছুই করার নেই। আদলাত যা বলবেন, সেটাই আমরা মেনে নেব।’

সিইসি বলেন, ‘অনেক আগে থেকেই আমরা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণে আমাদের আইন পরিবর্তন করতে হয়েছে। অল্প সময় হাতে থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘ডিসেম্বরেই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। তা ছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, পরীক্ষা। আবার অনেক পৌরসভার মেয়াদ ৯০ দিন পার হয়ে যাবে। তখন আইনের ভায়োলেন্স সৃষ্টি হবে।তাই আইন ভঙ্গ না করতে চাইলে ৩০ ডিসেম্বেরের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ পরিবর্তন করতে চাচ্ছি না।তারপরও সোমবার কমিশন বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

নির্বাচিনী প্রচারে সংসদ সদস্যদের অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের দাবি সম্পর্কে কাজী রকিব উদ্দিন বলেন, ‘আমাদের প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দল।

তাদের নিয়ে আমাদের নির্বাচন করতে হবে।আইনের মধ্য থেকে নিবন্ধিত দলগুলোর দাবি গুরুত্বসহকারে আলোচনা করে সোমবার কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমকে