জামিনে মুক্তির পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির (৩১) এবং চট্টগ্রাম মহানগর নেতা মোহাম্মদ মোস্তফাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার পর নগরীর কোতোয়ালি থানা পুলিশ এই দুই শিবির নেতাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন দুই শিবির নেতাকে জেলগেট থেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৫ জানুয়ারি চট্টগ্রামের কাজীর দেউরি নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় এই দুই শিবির নেতাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি গোপন খবরের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার বগারবিল নামক এলাকা থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির ও মোস্তফাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

পরে এনামুলের বিরুদ্ধে ৪টি ও মোস্তাফার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলায় জামিন পেয়ে এই দুই শিবির নেতা বুধবার কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

এমকে