প্রস্তাবিত গণবিরোধী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমানো ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কর আরোপের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার দুপুর ১২টায় শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে নদ্দায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বিশ্বাস বলেন, প্রশ্নফাঁসের রমরমা বাণিজ্য আর ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে এমনিতেই শিক্ষা খাত ধ্বংসের মুখে। তার উপর প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ কমিয়ে ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে করের বোঝা চাপিয়ে দিয়ে শিক্ষা খাতকে চূড়ান্ত ধ্বংসের পাঁয়তারা করছে সরকার।
তিনি বলেন, আমরা অবিলম্বে সরকারকে এমন হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়ারও দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি হাসান জারিফ, সাংগঠনিক সম্পাদক জে. মাহমুদ, শিক্ষা সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক জাকের হোসাইনসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





