রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের মধ্যে পরিকল্পিতভাবে প্রাণঘাতি এইচআইভি রোগ ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
কক্সবাজারের চিকিৎসকদের সাথে কথা বলে রোহিঙ্গারা জানান, মিয়ানমারের চিকিৎসকেরা চিকিৎসার নামে তাদের শরীরে এইচআইভির জীবানু প্রবেশ করিয়ে দিয়েছে বলে তারা এখন বিশ্বাস করেন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে ধীরে ধীরে অনেক এইচআইভি ও এইডস রোগে আক্রান্ত লোকজন পাওয়া যাচ্ছে। এখানকার সরকারি হাসপাতাগুলোতে এবং চিকিৎসকদের কাছে এইচআইভি আক্রান্ত রোহিঙ্গারা গোপনে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকেরা আক্রান্তদের কাছে রোগের যাবতীয় ইতিহাস জেনে নেয়ার চেষ্টা করে থাকেন। এসময় তারা যেসব প্রশ্ন করেন তা থেকেই বেরিয়ে আসে এইচআইভি/এইডস রোগ কিভাবে রোহিঙ্গাদের আক্রান্ত করেছে।
এখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, মিয়ানমারে এইচআইভি/এইডসের রোগে আক্রান্ত প্রচুর রোগী রয়েছে। তাছাড়া দেশটিতে শৃঙ্খলাজনিত সমস্যার কারণে অনেক কিছুই নিয়মমতো সমাধান হয় না। ফলে এইডস রোগে সেখানে কত আক্রান্ত হয়েছে এবং আর কতজন এইচআইভি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই।
উখিয়ায় দায়িত্ব পালনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রেই রোহিঙ্গারা মিয়ানমারের চিকিৎসকদের প্রতারণার শিকার। একজন চিকিৎসক জানিয়েছেন, তার কাছে একজন রোগী জানিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেলিভারির জন্য। সেখানে রক্ত নেয়ার প্রয়োজন ছিল।
এরপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে আসার ৫/৬ বছর পর থেকে শরীরে নানা সমস্যা হতে শুরু করে। পরে নানা ধরনের চিকিৎসার পর একটি বড় সরকারি হাসপাতালে গিয়ে টেস্ট করার পর জানা গেছে, তার দেহে এইচআইভির জীবানু পাওয়া গেছে।
চিকিৎসক জানিয়েছেন, মহিলা ওই রোগী ডেলিভারির সময় আরাকানের শান্ত পরিবেশ ছিল। সে কারণে তারা সেখানের হাসপাতালে চিকিৎসা করার সুযোগ পেয়েছিলেন। সেখানে পরীক্ষা করে জেনেছেন যে মহিলার এইচআইভি হয়েছে।
চিকিৎসকের কাছে একজন রোহিঙ্গা পুরুষ জানিয়েছেন, আরাকানের পরিবেশ শান্ত থাকার সময় তিনি সরকারি হাসপাতালে গিয়েছিলেন কিছু টেস্ট করার জন্য। এর ৫/৬ বছর পর তার শরীরের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ কারণে একদিন মিয়ানমারের একজন ভালো ডাক্তারের কাছে গেলে তিনি তাকে পরীক্ষা করে জানান যে, তার এইডস হয়েছে। এখন তিনি (এইডস আক্রান্ত রোগী) মনে করতে পারছেন যে ওই সরকারি হাসপাতালে একটি সিরিঞ্জ দিয়েই অনেকের দেহ থেকে রক্ত সংগ্রহ করেছে সেখানকার ডাক্তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, রক্ত নেয়া এবং ইনজেকশন দেয়ার সময় মিয়ানমারের ডাক্তাররা ষড়যন্ত্রমূলকভাবে এইচআইভি/এইডস জীবানুযুক্ত সিরিঞ্জ দিয়ে সুস্থ রোহিঙ্গাদের ইনজেকশন দিয়ে থাকতে পারে যা অনৈতিক। চিকিৎসকদের শপথের সাথে এসব আচরণ সামঞ্জস্যহীন।
এখানকার ওই চিকিৎসক জানিয়েছেন, তারা এইচআইভি আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জেনেছেন, এদের বেশির ভাগ খুবই রক্ষণশীল।
তাছাড়া রাখাইন রাজ্যে রোহিঙ্গারা বিভিন্ন রাজ্যে দূরের কথা এমনকি এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতেও স্থানীয় প্রশাসনের অনুমোদন লাগে। যাদের অন্য পাড়ায় যেতে অনুমতি লাগে এদের পক্ষে অন্য কোথাও গিয়ে অনৈতিক কাজ করা সম্ভব নয়।
এইচআইভি আক্রান্ত একজন মহিলা রোগী জানিয়েছেন, তিনি নিজে কখনো অনৈতিক কোনো আচরণ করেননি। তার স্বামীও কখনো এ ধরনের কাজ করবে তা বিশ্বাসযোগ্য নয়। তিনি তার স্বামীকে খুবই বিশ্বাস করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানিয়েছেন, আক্রান্তদের সাথে কথা বলে জানা গেছে, এদের বেশির ভাগই মিয়ানমারের চিকিৎসকদের ষড়যন্ত্রের শিকার। ওখানকার চিকিৎসকেরা জেনে বুঝেই এই জঘন্য কাজটি করেছেন। রোগীরা যখন বিভিন্ন টেস্ট করার জন্য রক্ত দিয়েছেন এবং যখন থেকে তাদের মধ্যে এইচআইভির প্রতিক্রিয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে, রোগীদের বক্তব্য অনুযায়ী ওই সময়টি হিসাব করে দেখা গেছে, ওই সময়ের মধ্যেই মানুষের শরীরে এইচআইভি’র লক্ষ্মণ প্রকাশ পেয়ে থাকে।
উল্লেখ্য, এইচআইভি’র জীবানু শরীরে প্রবেশের পর থেকে লক্ষ্মণ প্রকাশের সময়কাল ছয় থেকে আট বছর। এখানে এইচআইভি/এইডস আক্রান্তদের যারা এসেছেন তাদেরও ঠিক এ সময়ের মধ্যে লক্ষ্মণ প্রকাশিত হয়েছে।
রাখাইন রাজ্যের বুচিডংযের বাসিন্দা আসমা (ছদ্ম নাম) নামের একজন রোহিঙ্গা মা জানিয়েছেন, মিয়ানমারে রোহিঙ্গারা অনেক কিছু থেকে বঞ্চিত। কোনো ধরনের স্বাস্থ্য সুবিধা তারা পাননি। হাসপাতালেই যেতে পারেন না। কিন্তু মাঝে মাঝে মিয়ানমার সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জোর করে টিকা দেয়া হয়েছে তাদের স্বাস্থ্য ভালো থাকবে বলে।
আসমা জানিয়েছেন, এখানে চিকিৎসকদের সাথে কথা বলে মনে হচ্ছে মিয়ানমার সরকার এইচআইভির মতো কোনো জীবানু আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে কি না জানি না। মিয়ানমারে টেন ক্লাস পর্যন্ত পড়া আসমা জানান, আমাদের এ অভিযোগটি আন্তর্জাতিক মহলের তদন্ত করে দেখা উচিত। সূত্র: নয়াদিগন্ত
জেড





