জয়দেবপুরের কুনিয়া এলাকায় মুন্না নামে এক ছাত্রলীগনেতার বিরুদ্ধে আল-আমিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা ওমর ফারুক ও রাব্বি নামে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে।

আল-আমিনের বাবা শফিকুল ইসলামের অভিযোগ, তার ছেলে স্থানীয় আল কোরআনীয়া নূরানী হেফজখানার শিক্ষার্থী। রোববার ভোরে ওমর ফারুক ও রাব্বি শিশুটির মা অসুস্থ- এমন খবর দিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে আনে।

তিনি জানান, রোববার থেকে আল-আমিন নিখোঁজ থাকায় তিনি এলাকায় মাইকিং করেন। একপর্যায়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে বড়বাড়ী এলাকায় আল-আমিনকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়দের দিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়।

আল-আমিন জানায়, ফারুক ও রাব্বি তাকে মাদ্রাসা থেকে বাড়ি নেওয়ার কথা বলে বের করে আনে।

রাব্বি ও ওমর ফারুক জানায়, মুন্না নামে স্থানীয় এক ছাত্রলীগনেতার তিন হাজার টাকার প্রলোভনে তারা আল-আমিনকে অপহরণের চেষ্টা করে।

জয়দেবপুরের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক জানান, আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা এটা তদন্ত করে ব্যবস্থা নেবে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়ে রাব্বি ও ওমর ফারুক নামে দুই কিশোরকে আটক করা হয়েছে। ওই ঘটনায় ছাত্রলীগনেতা মুন্না জড়িত কি না- সেটা তদন্ত করে দেখা হবে।

কেএইচ