একই পরিবারের তিন জনের উপর এসিড নিক্ষেপের অভিযোগে ৮ জনকে আসামি করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় এসিডদগ্ধ সালেহার ভাই ও কলেজ ছাত্রী সোনিয়া এবং তিতুমীর’র পিতা আয়ুব হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর সাইফুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় এসিড নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আটজনকে আসামি করা হয়েছে। মামলা নং-৩। তারিখ-০৭/০৭/২০১৪ইং।

তিনি আরও বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই শনিবার রাত সাড়ে ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আয়ুব আলীর বোন সালেহা ও তার মেয়ে সোনিয়া, ছেলে তিতুমীরকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এসময় আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর