নাটোরে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার রাতে তাদের প্রত্যাহারের কাগজ (চিঠি) ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর এসে পৌঁছে। এর একটি কপি তাদের কাছেও পৌঁছানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সহকারী সচিব শাহীদুর রহমান স্বাক্ষরিত এই আদেশটি পাঠানো হয়।
অভিযোগকারী গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন জানান, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনিক কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না বলে তার মনে হয়। পরে তিনি বিষয়টি এলাকায় খোঁজ করেন এবং এর সত্যতা পান। এরপর তিনি বিভিন্ন স্থানে নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশ কিছু ছবিসহ নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামি তিন দিনের মধ্যে তাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে প্রত্যাহারের সত্যতা স্বীকার করেছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনিও তার প্রত্যাহারের সত্যত্যা স্বীকার করেন।
জেড





