বাগেরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বুধবার বিকালে বাগেরহাট সদর উপজেলার মহাদেবের দোকান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, বাগেরহাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া পিকআপ ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ওই পিকআপে থাকা সবাই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে নারীসহ ৪ জন মারা যান। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

 

বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. শাহ আলম ফরাজী বলেন, এ যাত্রীরা খুলনার পাইকগাছা থেকে একটি পিকআপ ভাড়া করে বাগেরহাটের হযরত খান জাহান (র.) মাজার জিয়ারত করতে আসেন। মাজার থেকে ফিরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।

 

এআই/ওএফ