রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ প্লেন (নম্বর-S2-AFK) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে আবারও আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।
তিনি জানান, ওই প্লেনটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন। তার সঙ্গে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ মোট দু’জন ওই প্রশিক্ষণ প্লেনে অবস্থান করছিলেন। তারা দু’জনই বর্তমানে অক্ষত অবস্থায় আছেন।
দিলারা পারভিন জানান, দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন। এই ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
এমবি





