চট্টগ্রামের পটিয়ায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অনিয়মের দায়ে উপজেলা ভূমি অফিসের দুই কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন।
পটিয়ায় ভূমি অফিসে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে বদলির এ নির্দেশ দেন তিনি। কর্মকর্তারা হলেন সহকারী তহশিলদার সাজ্জাদ শাওন ও কোরবান আলী।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী পটিয়ায় ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গেলে ওই দুই কর্মকর্তার অনিয়ম নজরে আসে। এ সময় তিনি ভূমি অফিসে উপস্থিত ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগের কথাও শুনে এ নির্দেশ দেন।
তিনি বলেন, ভূমি কর্মকর্তাদের হেফাজতে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখার নিয়ম থাকলেও পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওই দুই কর্মকর্তার হেফাজতে ৩১ হাজার ১২৮ টাকা পান।এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে আজকেই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
কেএইচ





