নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুহুল আমিন। তিনি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আহাদ খানের ছেলে। নিহত অপরজনের আনুমানিক বয়স ৫৫ বছর। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল মিয়া (২৬)। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার শুকুর মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াশাল থেকে ছেড়ে আসা পাঁচদোনাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুহুল আমিন ও অজ্ঞাত ওই পুরুষ যাত্রী মারা যান। আহত হন রুবেল নামের একজন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিরুল হক বলেন, বেলা ১১টার দিকে মৃত অবস্থায় দুজনকে ও একজনকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মহসীন মিয়া বলেন, ‘অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ায় নিহত কিংবা আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।’
এমআর





