রাজশাহীর শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ি ‘ইসকন মন্দির’ থেকে চুরি হয়ে যাওয়া ৬টি মূর্তির মধ্যে তিনটি উদ্ধার করেছে পুলিশ। নগরীর হড়গ্রাম থেকে সোমবার দুপুরে পিতলের মূর্তিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বুধবার শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ি ইসকন মন্দিরের ছয়টি মূর্তি চুরি হয়ে যায়। চুরি হওয়া মূর্তির মধ্য রয়েছে পিতলের দুটি রাধা ও কৃষ্ণ বিগ্রহ, দুটি গৌর নিতাই, একটি নরসিংহ দেব ও একটি গোপাল মূর্তি। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়।

পুলিশ গোপনে খবর পেয়ে দুপুরে হড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনারুল ও আকবর নামে দুজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি নরসিংহ দেব, একটি নিতাই ও একটি গৌর মূর্তি উদ্ধার করা হয়।

ইসকন মন্দিরের প্রেসিডেন্ট রামেশ্বর গৌড় দাস জানান, বুধবার চুরি হওয়া মূর্তির মধ্যে তিনটি মূর্তি পুলিশ উদ্ধার করেছে। বাকি মূর্তিগুলো উদ্ধার হলে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে সেগুলো আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।

জেআই