নারায়ণগঞ্জে ডাকাতদলের সদস্য সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার ইলুমদী আমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, এক যুবলীগ নেতার ভাইয়ের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে এলাকাবাসী ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মারা যান। তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ডাকাতদলের অন্য কোনো মিশন ছিল। হয়তো বিদেশফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গণপিটুনিতে মারা যান ওই ব্যক্তি।”

ওসি আরও বলেন, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”

এমবি