রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৫ কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলেজানান জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, পুলিশের উপর হামলা, পুলিশ হত্যা, সন্ত্রাসী কার্যক্রম এবং নৈরাজ্য সৃষ্টি মামলায় পলাতক ইসলামী ছাত্রশিবিরের ৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- দুদু মিয়া (২১), উমর আলী (১৯), মোস্তাফিজার (১৯), আমজাদ হোসেন (১৯) ও আবুল হোসেন (২৩)।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতার শিবিরকর্মীরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে, কোতয়ালী থানা পুলিশ ১৬ জন, পীরগঞ্জ থানা পুলিশ ১ জন, পীরগাছা থানা পুলিশ ৬ জন, গঙ্গাচড়া থানা পুলিশ ৫ জন ও তারাগঞ্জ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানাসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, মাদক ব্যবসা, মাদক সেবন, হত্যা ও খুনের মামলা রয়েছে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ