রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূ আলো আক্তার (১৯) কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রামের আজাদ হোসেনের স্ত্রী। গত বছর পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। এর পর থেকে তাঁরা ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন।

গৃহবধূর স্বামী আজাদ হোসেন হাসপাতালে দাবি করেন, সকালে মোবাইলে কথা বলাকে কেন্দ্র  করে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর অভিমান করে স্বামীর অগোচরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমআর