সিরাজগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রানা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা করলে যুবক নিহত হয় বলে জানা যায়।

রানা চণ্ডিদাসগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

শুক্রবার বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে , দুপুর ২টার দিকে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই রনি। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চণ্ডিদাসগাতী গ্রামের মতলেব হাজি ও হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে, শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমির গাছ কাটতে গেলে মতলেব হাজির গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে রানা ও রনির ওপর হামলা করে।

গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ