খুলনায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ সাইদুর রহমান ওরফে সবুজ (২৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত নয়টার দিকে খুলনার ফুলতলা উপজেলার শেষসীমানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইদুর রহমান ওরফে সবুজ পিরোজপুর ভান্ডারিয়ার ধাওয়া রাজপাশা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজঘাট সাহেব পাড়ার মুজিবর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইন চার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, রাজঘাট জেজেআই মিলের শ্রমিক সবুজ আন্ডার ওয়ার্ল্ডের একজন প্রতিষ্ঠিত অস্ত্র ব্যবসায়ী। পূর্ব চুক্তি মোতাবেক সোমবার সন্ধ্যা রাতে ডিবি পুলিশের এক সদস্য টাকার বিনিময়ে অস্ত্র কিনতে ফুলতলার শেষ সীমানায় নির্ধারিত স্থানে যান।

পরিকল্পনা অনুযায়ী ডিবির এসআই মুক্তরায় চৌধুরীর নেতৃত্বে পুলিশ ওৎ পেতে থাকে। অস্ত্র ব্যবসায়ী সবুজ তার এক সহযোগীসহ ওই স্থানে পৌঁছান। এসময় ছদ্মবেশে থাকা পুলিশ অস্ত্রসহ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার সময় তার সহযোগী পালিয়ে যান।

এ ব্যাপারে অস্ত্র আইনে ফুলতলা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ