চট্রগ্রামের আন্দরকিল্লায় মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসার সামনে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন এবং যুবলীগ নেতা হেলাল আকবর বাবরের অনুসারী ছাত্রলীগ কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
এসময় আন্দরকিল্লা এলাকায় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায় । এতে শশী চক্রবর্তী নামে এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন তার কিছু অনুসারীসহ মেয়রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা বের হওয়ার সময় লিমনের সামনে শশীকে মারধর করে প্রতিপক্ষ গ্রুপের ছেলেরা।
এতে লিমনের অনুসারীরা ক্ষুব্ধ হন এবং তারা জড়ো হয়ে মেয়রের বাসার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সরিয়ে দেয়।
এরপর মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার পথে আন্দরকিল্লায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লিমনের অনুসারীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, মেয়রের বাসার সামনে কোন মারামারির ঘটনা ঘটেনি। তবে হাজারী লেইনের সামনে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। এটা সামান্য ঘটনা। শশী চক্রবর্তী নামে এক কর্মী আহত হয়েছেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বড় কোন কিছু হয়নি। সব কিছু স্বাভাবিক আছে।
এমএনজে





