লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত মো. কামাল হোসেন (৩৮) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর সদর কোর্টে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এএসআই কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন।





