নোয়াখালীর আট উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত হওয়া ১৩০টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
৩১ অক্টোবর সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা হলে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২১ ইউপিতে চেয়ারম্যান পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সূবর্ণচর উপজেলায় দুইটি, কোম্পানীগঞ্জ উপজেলায় আটটি, কবিরহাট উপজেলায় একটি, চাটখিল উপজেলায় নয়টি, সোনাইমুড়ি উপজেলায় ১৬টি, বেগমগঞ্জ উপজেলায় ৫৬টি, সদর উপজেলায় ১১টি ও সেনবাগ উপজেলায় ২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
উল্লেখ্য, ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে নোয়াখালীর নয়টি উপজেলার ৯১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক লোক হতাহত হন। যে কারণে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশন জেলার ১৩০টি কেন্দ্রের ভোট স্থগিত করে।
এমএনজে





