বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় জিডিটি করেন। থানার রেজিস্টারে জিডি নম্বর ১৫৭৩ দেয়া হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ঘটনায় থানায় এসে একটি জিডি করেছেন যুগ্ম-পরিচালক।
জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।জিডিতে আগুনে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমএনজে





