‘সময় মতো মূসক দেব, দেশ গড়ায় অংশ নেব' এই স্লোগানকে ধারণ করে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস। রাজধানীসহ সারা দেশে পঞ্চমবারের মতো এ দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

করদাতাদের সচেতনতা বৃদ্ধি, কর প্রদানে উদ্ভূদ্ধকরণ ও কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের লক্ষে প্রতি বছরের ১০ জুলাই জাতীয় মূসক দিবস হিসেবে পালন করা হয়। এর পরবর্তী এক সপ্তাহ ধরে পালন করা হয় মূসক সপ্তাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসে এবার রেকর্ড অঙ্কের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বাজেটে ৬৩ হাজার ৯০২ কোটি টাকার মূসক আদায়ে চারদিকে ভ্যাট অর্থাৎ পরোক্ষ করের জাল সম্প্রসারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এজন্য আমদানি, উৎপাদন, ব্যবসায়ী পর্যায়ে এবং সেবার একাধিক খাতকে আনা হয়েছে মূসকের আওতায়। এ প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে মূসক দিবস। রাজস্ব আদায়ের নিরাপদ ও অন্যতম খাত হওয়ায় যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেশব্যাপী দিবসটি উদযাপন করছে এনবিআর।

প্রতি বাজেটের আকার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রাও। গত পাঁচ অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা গড়ে প্রতি অর্থবছরেই আট থেকে ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। গত অর্থবছরে (২০১৪-১৫) ৫৫ হাজার কোটি টাকা থাকলেও চলতি অর্থবছরে তা নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ৯০২ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এ লক্ষ্যমাত্রা অনেক বেশি। অর্থনীতিবিদদের দাবি, প্রতিবছর ভ্যাটের আওতা, পরিধি ও লক্ষ্যমাত্রা বাড়ানোয় সাধারণ মানুষের হয়রানি বাড়ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অনেক মধুর কথা বললেও বর্ধিত এই অর্থ আদায়ে অর্থবিলের ভেতরে করজালের অনেক তেতো জিনিস সাজিয়ে রেখেছেন কৌশলে। বিদ্যমান কর অধ্যাদেশের ৫২ এ ধারায় বলা আছে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সরকারের কোনো আইন দ্বারা পরিচালিত এবং সরকারের কোনো না কোনো করপোরেশন বা কর্তৃপক্ষের অধীন, তাদের ওপর ১০ শতাংশ হারে করারোপ হবে।

নতুন বাজেটে এ ধারায় ব্যাপক পরিবর্তন এনে বলা হয়েছে, সরকারি আইন মেনে পরিচালিত বেসরকারি সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টারসহ সব প্রতিষ্ঠানের বিলে দেড় থেকে ১০ শতাংশ হারে করারোপ হবে।

এই রেকর্ড অঙ্কের মূল্য সংযোজন কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে আজ জাতীয় মূসক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রাজস্ব বোর্ডের মূল দপ্তর থেকে প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

এছাড়া রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূসক দিবস উপলক্ষে সর্বোচ্চ মূসক প্রদানকারী করদাতাদের হাতে সম্মাননা প্রদানে সম্মতি জানিয়েছেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দিবসটি উপলক্ষে এ ছাড়া মোবাইল এসএমএস, স্টিকার, ব্যানার ও ভবন সুসজ্জিতকরণের ব্যবস্থা করেছে এনবিআর। এরই মধ্যে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসকদাতা ১১৯টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে।

তিন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হবে। উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পাচ্ছে তিতাস গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড, রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট।

সেবা খাতে সম্মাননা পাচ্ছে পল্লি বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউস, ন্যাশনাল টেলিভিশন লিমিটেড (আরটিভি) এবং ব্যবসা খাতে গ্যালারি এপেক্স, আড়ং ও মোস্তফা মার্ট।

এআর