নতুন নির্বাচন কমিশন নিয়ে হতাশা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতকাল সোমবার রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নতুন ইসি নিয়ে আলোচনা হয়।

ক্ষুব্ধ বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য গনমাধ্যমকে জানান, সমগ্র জাতির প্রত্যাশা ছিল একজন নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করা হবে। সেটাই আমরা আশা করেছিলাম ।কিন্তু যাকে সিইসি করা হয়েছে তিনি আওয়ামী লীগের জনতার মঞ্চের নেতা ছিলেন।

আশাহত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের অনুগত লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করার পর আমরা আশঙ্কা করেছিলাম দলীয় অনুগত লোকদের দিয়ে সিইসি করা হবে। সেই আশঙ্কা সত্য হলো।

নেতারা জানান, আজ মঙ্গলবার রাতে ২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকের পর নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি। চেয়ারপারসনের কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে এই বৈঠক হবে জানাযায়।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।

 

 

নাজিব