দুই যুগ পর চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট। এতে আনন্দিত যমুনা পারের মানুষ ও এ নৌরুটের যাত্রীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি এই রুটে একটি ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে।
ফেরিঘাট চালুর খবরে খুশি যমুনা নদীর দুই প্রান্তের লাখো মানুষ। ফেরি চলাচল শুরুর মধ্য দিয়ে ফের ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য বিষয়ের উন্নয়ন হবে বলে ধারণা এলাকাবাসীর।
আরিচা-কাজিরহাট নৌরুট পার হওয়ার জন্য আরিচা ৩নং ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করছেন সাগর। তিনি বলেন, পাবনা-কুষ্টিয়া-ঈশ্বরদী থেকে যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় আসতে তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে। আজ তার অবসান হলো। তাছাড়া তেল খরচও কমে আসবে। এটি আমাদের একটি বড় সুখের সংবাদ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করতে যমুনা নদীতে নতুন করে চ্যানেল তৈরিতে ১২ লাখ ঘন-মিটার বালু ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। দুপারের ঘাট-পন্টুন নির্মাণ, বিকন বাতি, মার্কিং বাতিসহ আনুসাঙ্গিক অবকাঠামো উন্নয়নে সরকারের এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।





